পায়ে পা মিলিয়ে হাতে হাত ধরে নাচের আসরে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন ; হোক না গণবিবাহের অনুষ্ঠান, তিনি তো বাড়ির মেয়ে। তাই পায়ে পা মিলিয়ে হাতে হাত ধরে নাচের আসরে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত একদম বিরল না হলেও উত্তরবঙ্গের বুকে এমন ছবি ধরা পড়লো মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। এদিন সেখানে আদিবাসীদের এক গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আদিবাসী শিল্পীদের সঙ্গে আদিবাসী নৃত্যে যোগ দেন।
জানা গিয়েছে, মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় তিনি যোগ দেন একটি আদিবাসী গণবিবাহের অনুষ্ঠানে। এই গণবিবাহের অনুষ্ঠানে এদিন ৪৫০ জন যুবক-যুবতীর বিয়ে দেওয়া হচ্ছে। নবদম্পতির হাতে এদিন রাজ্য সরকারের তরফে নানান উপহার তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেই আদিবাসী দম্পতিদের হাতে শাড়ি, ধুতি-পাঞ্জাবি তুলে দেন।
এই গণবিবাহের অনুষ্ঠানেই আবার মুখ্যমন্ত্রী চা-সুন্দরী প্রকল্পের বাড়ি চা শ্রমিকদের হাতে তুলে দেন। এদিন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার ১২টি চা বাগানের ৪৬০০ বেশি শ্রমিকের হাতে চা-সুন্দরী প্রকল্পে বাড়ি তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী আক্রমণ করেন বিজেপি তথা কেন্দ্রের সরকারকে।

Post a Comment